প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
মশা নিধনে চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ১৮ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড অফিস থেকে এ কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন চৌধুরী ইফতেখার উদ্দিন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সিটি করপোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও পানির ট্যাংকে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এসব স্থান নিয়মিত পরিষ্কার ও পরিচর্যা করলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
ক্রাশ প্রোগ্রাম চলাকালে ওয়ার্ডের বিভিন্ন সড়ক, ড্রেন ও ঝুঁকিপূর্ণ এলাকায় মশার লার্ভা ধ্বংস, কীটনাশক প্রয়োগ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রের একান্ত সহকারী (পিএস) মারুফুল ইসলাম চৌধুরী (মারুফ), সংশ্লিষ্ট জোন কর্মকর্তা জাহেদউল্লা রাশেদ, আবু তাহের, মশক নিয়ন্ত্রণ শাখার সুপারভাইজার ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট